সারাদেশ

মাদকের প্রতিবাদ করায় সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে জখম

প্রিন্ট
মাদকের প্রতিবাদ করায় সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে জখম

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, রাত ১০:২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. শাখাওয়াত হোসেন (৫৩) নামে এক বিএনপি নেতাকে মাদক ব্যবসায়ীরা লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে কদমতলী মোল্লা বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কদমতলী এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সাগর (২২) ও অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের 

করেছেন। আহত মোল্লা শাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী সাগর দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলী মোল্লা বাড়ির পেছনে সাগরের নেতৃত্বে একদল যুবক মাদক বিক্রি করছিল। এসময় মোল্লা শাখাওয়াত হোসেন সেখানে গিয়ে তাদের মাদক বিক্রিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাগর ও তার সহযোগীরা শাখাওয়াত হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাতাড়ি মারধর শুরু করে।

একপর্যায়ে সাগর হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে শাখাওয়াত হোসেনের মাথায় সজোরে আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

ভুক্তভোগী শাখাওয়াত হোসেন জানান, সাগর একজন চিহ্নিত মাদক বিক্রেতা। এলাকায় তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। প্রতিবাদ করায় তাকে নৃশংসভাবে হামলা করা হয়েছে। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।