সারাদেশ

পাঁচবিবিতে ঈদের আনন্দ বিষাদ: সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রিন্ট
পাঁচবিবিতে ঈদের আনন্দ বিষাদ: সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশিত : ২৩ মার্চ ২০২৬, দুপুর ২:২০

জয়পুরহাটের পাঁচবিবিতে ঈদের খুশি মুহূর্তেই রূপ নিয়েছে গভীর শোকে। ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিফাত (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) ফেরার পথে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ঝিনাইল গ্রামের মৃত জিয়া উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে গাইবান্ধার বালাসী ঘাট এলাকায় ঘুরতে গিয়েছিলেন রিফাত। ফেরার পথে পলাশবাড়ী এলাকায় তাদের দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।

দুর্ঘটনায় রিফাতের সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একই গ্রামের হাবিবুর রহমানকে (২২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বয়ড়া গ্রামের জিহাদকে (২২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঈদের দিনে রিফাতের এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার যোহরের নামাজের পর নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয়রা জানান, উৎসবের দিনে সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোই এমন অনেক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।