সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হত্যার হুমকি: যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হত্যার হুমকি: যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ২৬ মে ২০২৬, সন্ধ্যা ৮:৩৭

সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হত্যার হুমকি ও গালিগালাজের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মী ও স্থানীয় নাগরিকরা। অভিযুক্ত ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন তারা।

সোমবার (২৫ মে) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। জানা যায়, গত ১১ মে পুলিশের মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা জুয়েল রানা মাদকসহ আটক হন। এ নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আল মামুন জীবন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে গত ১৯ মে দুপুরে জুয়েল রানা মুঠোফোনে ওই সাংবাদিককে হত্যার হুমকি দেন এবং তার বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখনও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, দৈনিক কালবেলার প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয়, স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, ইলিয়াস আলী প্রমুখ।

বক্তারা বলেন, একজন চিহ্নিত মাদক কারবারি প্রকাশ্যে সাংবাদিককে হুমকি দিলেও প্রশাসনের নীরব ভূমিকা দুঃখজনক। মাদক কারবারিরা এমন সাহস পেলে সাধারণ মানুষও মাদকের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।