সারাদেশ

বারদীতে লাখো ভক্তের ঢল: লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু

প্রিন্ট
বারদীতে লাখো ভক্তের ঢল: লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু

প্রকাশিত : ৩ জুন ২০২৬, রাত ৯:৪১

পূজা-অর্চনা, গীতাপাঠ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী আশ্রমে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। গতকাল বুধবার (৩ জুন) সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণ ও আশপাশের এলাকা দেশ-বিদেশের লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে আসা ভক্তরা এই উৎসবে অংশ নেন। সকালে ঊষা কীর্তন, বাল্যভোগ, রাজভোগ ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ উৎসবকে কেন্দ্র করে বারদী এলাকায় পাঁচ দিনব্যাপী লোকজ মেলাও বসেছে।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দীর্ঘ ৪০ বছর হিমালয়ে সাধনা শেষে লোকনাথ ব্রহ্মচারী মানবকল্যাণে জীবনের শেষ ২৬ বছর বারদীতে অবস্থান করেন। ১৬০ বছর বয়সে বাংলা ১৯ জ্যৈষ্ঠে তাঁর মহাপ্রয়াণ ঘটে। এরপর থেকেই প্রতিবছর এই দিনে তাঁর তিরোধান উৎসব পালিত হয়ে আসছে।

উৎসব উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভক্তদের জন্য বিনামূল্যে শিশু খাদ্য, ওষুধ, চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সদস্য সচিব শংকর কুমার দে জানান, দেশ-বিদেশ থেকে আসা বিপুলসংখ্যক ভক্তের আবাসন, খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। উৎসবের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন।

রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশনায় প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবী জননিরাপত্তায় নিয়োজিত আছেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আশ্রমে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ভক্তরা শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করছেন।