সারাদেশ

নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড: কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

প্রিন্ট
নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড: কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

প্রকাশিত : ৭ জুন ২০২৬, সন্ধ্যা ৮:১০

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় জেলা পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেডের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন নারায়ণগঞ্জের পুলিশ এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এরপর সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও মানবিক আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করেই জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়া সম্ভব। তবে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। মে মাসে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সেরা পুরস্কারপ্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ এসআই শিকদার হারুন রশিদ (সোনারগাঁও থানা), শ্রেষ্ঠ এএসআই আব্দুল হামিদ খান (ফতুল্লা থানা), শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (যৌথ): পরিদর্শক মোখলেছুর রহমান ও মো. হুমায়ুন কবির (গোপালদী তদন্ত কেন্দ্র), শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ ডিবি অফিসার এসআই এসএম আব্দুল আজিজ।

ক্লু-লেস মামলা উদঘাটন, পরিদর্শক গোলাম সারোয়ার, পরিদর্শক আব্দুল হক (সোনারগাঁও থানা) এবং এসআই জাকিরুল ইসলাম (সিদ্ধিরগঞ্জ থানা)।

এছাড়াও বিশেষ অবদানের জন্য জেলা বিশেষ শাখা, আড়াইহাজার থানা ও অপরাধ শাখার বেশ কয়েকজন অফিসার ও কনস্টেবলকে পুরস্কৃত করা হয়।

দুপুর ১২টায় পুলিশ সুপারের সভাপতিত্বে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ এসপি (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে অফিসারদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।