সারাদেশ

ঘুষ ও গাফিলতির অভিযোগে লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও অভিযুক্ত পুলিশ প্রত্যাহার

প্রিন্ট
ঘুষ ও গাফিলতির অভিযোগে লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও অভিযুক্ত পুলিশ প্রত্যাহার

প্রকাশিত : ৭ জুন ২০২৬, রাত ১০:০৬

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত পোশাক শ্রমিক মো. জোবায়েরের (১৮) মৃত্যুর পর লাশ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। মামলা নিতে পুলিশের গড়িমসি ও ঘুষ দাবির অভিযোগে রবিবার (৭ জুন) সন্ধ্যায় শতাধিক মানুষ বন্দর মডেল থানার সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে (এসআই) তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

গত ৩ জুন রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের ঢালে তিন ছিনতাইকারী জোবায়েরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোরে তিনি মারা যান।

নিহতের পরিবার ও প্রতিবেশীদের দাবি, ঘটনার পর জোবায়েরের বাবা থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। উল্টো মামলা রুজু করার জন্য এক বন্ধুর মাধ্যমে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় পুলিশ কালক্ষেপণ করে।

জোবায়েরের মৃত্যুর খবর এলাকায় ছড়ালে সন্ধ্যায় লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধ জনতা ঘাতকদের গ্রেপ্তার এবং ঘুষ দাবিকারী পুলিশ সদস্যের বিচার দাবি করেন।

বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করার পর তারা থানা এলাকা ত্যাগ করেছেন। অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে ইতিমধ্যে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।