ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে আনুষ্ঠানিকভাবে এই আবেদনপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের আজহারুল ইসলাম মান্নান বলেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমরা নির্বাচনী আচরণবিধি ও কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করব। কোনো ধরনের শোডাউন বা জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতামত