সারাদেশ

মাগুরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

প্রিন্ট
মাগুরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৫৮

মাগুরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাদশা মোড়ল (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাগুরা পুলিশ লাইনস থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে ক্যাম্পে ফিরছিলেন বাদশা। পথে নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিউটি শেষে ক্যাম্পে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।