সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার: আমরা গডফাদার নয় মানুষের সেবক হতে চাই

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার: আমরা গডফাদার নয় মানুষের সেবক হতে চাই

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১:০৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আইলপাড়াস্থ বালুর মাঠে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই বৈঠকটি জনসমুদ্রে পরিণত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের মানুষ অতীতে গডফাদার সংস্কৃতি দেখেছে, তারা আর তা চায় না। আমরা নেতা হতে চাই না, মানুষের সেবক হতে চাই। জননেতা হবেন তিনি, যার সামনে সাধারণ মানুষ নির্ভয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা কোনো ভয় বা চাপে নয়, বরং দেশনায়ক তারেক রহমানের আদর্শকে ভালোবেসে এখানে এসেছেন। এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিয়েই প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজীব বলেন, আমার বাবা সারাজীবন সাধারণ মানুষের রাজনীতি করেছেন। তিনি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করা হবে। এখানে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। আমরা কথার রাজনীতিতে নয়, কাজের রাজনীতিতে বিশ্বাসী। সভাপতির বক্তব্যে ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনকে বহুরূপী আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যিনি আদর্শ বদলান, তিনি মানুষের সেবা করতে পারেন না। একসময় জাতীয় পার্টি, পরে আওয়ামী লীগ এবং বিএনপি হয়ে এখন তিনি তারেক রহমানের নির্দেশ অমান্য করে ফুটবল মার্কায় ভোট চাচ্ছেন। আমরা ধানের শীষের অকুতোভয় সৈনিক, আমরা বেইমানি করতে জানি না। মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এস এম আসলাম আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল। অকিল উদ্দিন ভুইয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য। আক্তারুজ্জামান মৃধা যুগ্ম আহ্বায়ক মহানগর যুবদল। সাইফুদ্দিন মাহমুদ সাধারণ সম্পাদক মহানগর কৃষক দল। রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক সহ-সভাপতি ৬নং ওয়ার্ড বিএনপি। নজরুল ইসলাম বাবুল, সাবেক দপ্তর সম্পাদক। কামাল হোসেন সিনিয়র সহ-সভাপতি নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও বিএনপি নেতা রুহুল আমিন, সাজ্জাদ, সেলিম এবং সাবেক যুবদল নেতা ওয়াসিম আসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী বৈঠকে অংশ নেন। সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে একটি প্রচার মিছিল এলাকা প্রদক্ষিণ করে।