সারাদেশ

দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন: নারায়ণগঞ্জের ৫ জনসহ ৬ বাংলাদেশি নিহত

প্রিন্ট
দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন: নারায়ণগঞ্জের ৫ জনসহ ৬ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, রাত ৯:৩৬

দক্ষিণ আফ্রিকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জ এবং ১ জনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কোমানি (সাবেক কুইন্সটাউন) সংলগ্ন সমো এলাকার একটি সুপারশপে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি; স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

নিহতরা হলেন, মো. ফাহিম সরকার (২৮), মোহাম্মদ আপন আহমেদ (২৪), নূর মোহাম্মদ (৫৫), ফয়সাল (২৬), শাহীন (৩০), রাজিব (৫৫)।

জানা গেছে, রাতে দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, উপার্জন ও পরিবারের স্বচ্ছলতার আশায় ৬ থেকে ৮ বছর আগে তারা দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন। মঙ্গলবার সকালে মৃত্যুর খবর দেশে পৌঁছালে নিহতের পরিবারগুলোতে শুরু হয় মাতম। প্রিয়জন হারানো স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক তথ্য প্রাপ্তির পরই মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদানে স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে।

এদিকে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, হাইকমিশনার শাহ আহমেদ শফী দুর্ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরকালে তিনি আহত ও নিহতদের বিষয়ে খোঁজ নেবেন এবং দক্ষিণ আফ্রিকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তদন্তের অগ্রগতি ও মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়ে আলোচনা করবেন।