সারাদেশ

পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম মন্ডলের সমর্থনে জনসভা

প্রিন্ট
পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম মন্ডলের সমর্থনে জনসভা

প্রকাশিত : ৩ আগস্ট ২০২৬, রাত ৯:০৫

আসন্ন পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রত্যাশী ও সাবেক জেলা ছাত্রদল নেতা শামীম হোসেন মন্ডলের সমর্থনে জয়পুরহাটের পাঁচবিবিতে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি নির্বাচিত হলে মাদক নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্ন পৌরসভা গঠন এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন।

রোববার বিকেলে পাঁচবিবি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধুরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. খালেক চৌধুরী লেবু।

সভায় বক্তব্য দিতে গিয়ে শামীম হোসেন মন্ডল বলেন, জনগণের সমর্থন পেলে পৌর এলাকায় মাদক নির্মূলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পৌরসভার প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

জনসভায় বক্তারা আগামী পৌরসভা নির্বাচনে শামীম হোসেন মন্ডলকে সমর্থনের আহ্বান জানান। তাদের বক্তব্যে একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নয়নমুখী ও জনবান্ধব পৌরসভা গঠনের প্রত্যাশা তুলে ধরা হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।