সারাদেশ

আড়াইহাজারে পুকুরে জালে উঠল থানা থেকে লুট হওয়া শটগান

প্রিন্ট
আড়াইহাজারে পুকুরে জালে উঠল থানা থেকে লুট হওয়া শটগান

প্রকাশিত : ৩ আগস্ট ২০২৬, রাত ১০:২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় পুকুর থেকে পুলিশ বাহিনীর একটি শটগান উদ্ধার করা হয়েছে। রেজিস্টার যাচাই করে পুলিশ নিশ্চিত করেছে, অস্ত্রটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিল।

সোমবার (৩ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে জাল ফেললে অস্ত্রটি উঠে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে একটি শটগান উঠে আসে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম রেজিস্টার মিলিয়ে নিশ্চিত করেন যে (বাট নম্বর ৬৫১) শটগানটি থানা থেকে লুট হওয়া পুলিশি অস্ত্র।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, উদ্ধার হওয়া শটগানটি গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি। অস্ত্রটি এতদিন কীভাবে ও কার মাধ্যমে ওই পুকুরে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।