রাজধানীর এভারকেয়ার হাসপাতলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরে হাসপাতাল এলাকায় জনসমাগম বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।
সোমবার রাত ৮টা ১০ মিনিটে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করতে হাসপাতালে পৌঁছান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন। ডিএমপি জানায়, পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই তার চিকিৎসা চলছে। দেশবাসী ও দলের সকল নেতাকর্মীর প্রতি তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
এ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতার উদ্দেশ্যে চীনের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছেন। সোমবার বিকেলে তারা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে অংশ নেন বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
মতামত