সারাদেশ

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কারখানাকে জরিমানা

প্রিন্ট
ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কারখানাকে জরিমানা

প্রকাশিত : ১৬ জুন ২০২৬, রাত ১১:১৯

জ্বালানি অপচয় ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। অভিযানে ৪০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি একটি ওয়াশিং কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার জালকুঁড়ি ও রাব্বানীনগর এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

তিতাস গ্যাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, রাব্বানীনগর এলাকায় দেড় শতাধিক বাসাবাড়ির প্রায় ৪০০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রেগুলেটর ও সরঞ্জাম জব্দ করা হয়।

পরবর্তীতে জালকুঁড়ি এলাকার নারায়ণগঞ্জ ওয়াশিং প্ল্যান্ট-এ অভিযান চালানো হয়। নিয়ম লঙ্ঘন করে পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্নসহ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ বলেন, সরকারি সম্পদ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ অভিযান নিয়মিত চলবে। যারা বারবার একই অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।