রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ। দেশের এই তিন শীর্ষ সামরিক কর্মকর্তা মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালে প্রবেশ করেন এবং সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন।
এই মুহূর্তে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া তাকে বিদেশে স্থানান্তর করার কোনো সুযোগ নেই, বলেন ডা. জাহিদ।
ডা. জাহিদ আরও জানান, চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নিতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে তাকে দেখবেন। তাদের নিবিড় পর্যবেক্ষণ এবং মেডিকেল বোর্ডের সমন্বিত মতামতের ওপর ভিত্তি করেই তাকে বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রোগীর বর্তমান অবস্থা বিবেচনায় চিকিৎসকদের পরামর্শের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
বিদেশে স্থানান্তরের জন্য সব ধরনের প্রস্তুতি থাকলেও, বর্তমান পরিস্থিতিতে অপেক্ষা করাই শ্রেয়।
মতামত