প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জোরালো মন্তব্য করে বলেছেন যে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন প্রতিহত করার মতো কোনো শক্তি কারো নেই। তিনি একইসঙ্গে জাতীয় পার্টির কঠোর সমালোচনা করেন এবং মাইনাস ফোর ফর্মুলা'র গুঞ্জন উড়িয়ে দেন।
শুক্রবার সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করেছে। প্রধান উপদেষ্টা সরকার একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে সব দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম স্পষ্ট করেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। এটি সম্পূর্ণ তার ও তার দলের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। জাতীয় পার্টির বিষয়ে প্রেস সচিব কঠোর মন্তব্য করে বলেন, ইতিহাস সাক্ষী, জাতীয় পার্টি ছিল স্বৈরাচারের ভয়ঙ্কর দোসর। আওয়ামী লীগের সমস্ত অপকর্মে তারা সহযোগিতা করেছে। দলটি এখনো নিষিদ্ধ না হওয়ায় নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া তাদের নিজস্ব ব্যাপার বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রতি রাজনীতিতে মাইনাস ফোর ফর্মুলা নিয়ে যে গুঞ্জন উঠেছে, তা সম্পূর্ণরূপে উড়িয়ে দেন প্রেস সচিব। তিনি বলেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। যারা এসব কথা ছড়াচ্ছে, তারা মূলত স্বৈরাচারের দোসরদের মধ্য থেকেই উঠে এসেছে। তিনি আরও যোগ করেন, যারা মাইনাস হয়েছেন, তারা নিজেদের অপরাধের কারণেই জনবিচ্ছিন্ন হয়েছেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতাকে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা আমাদের নৈতিক শপথ। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই সেই গণহত্যার ভয়াবহতা প্রমাণিত হয়েছে এবং দ্রুত এই বিচার প্রক্রিয়া শুরু করা হবে।
মতামত