স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) বলেছেন, দেশের দুর্যোগ মোকাবিলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটসমূহে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই জাতিকে এগিয়ে নিয়ে যায়। তিনি তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ভূমিকম্প মোকাবিলায় আরও দক্ষ জনবল ও স্বেচ্ছাসেবক টীম গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে ভয়াবহ দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। তাই সরকার উন্নত ও আধুনিক প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় সরকার ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য ২২ জনকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে এবং প্রশিক্ষণভিত্তিক মহড়া উপস্থাপন করে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশজুড়ে ভারি অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই।
পুলিশ বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বাহিনী কাজ করে জনগণের জন্য। বাহিনীতে কোনো সমস্যা থাকলে পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে এবং সরকার সেই পরামর্শকে সুপারিশ আকারে গ্রহণ করবে।
জুলাইআগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে অর্ন্তর্বতীকালীন সরকারের চলমান কার্যক্রমের প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মতামত