নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফতুল্লা সাংগঠনিক থানার উদ্যোগে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। তিনি একইসঙ্গে নতুন বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন।
শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকালে পঞ্চবটী হরিহর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা আবদুল জব্বার তাঁর বক্তব্যে বলেন, আল্লাহ বলেছেন শ্রমিকরা আমার বন্ধু। তিনি যুক্তি দেন, ইসলামী শ্রমনীতি যদি কায়েম করা যায়, তাহলে শ্রমিক ও মালিক উভয় পক্ষই ভালো থাকবে। তিনি দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশে ইসলামী আইন কায়েম হলে দেশের প্রত্যেকটি সেক্টর উন্নত হবে।
মাওলানা আবদুল জব্বার হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন বাংলাদেশে আর কোনো সন্ত্রাস চাঁদাবাজদের স্থান দিবেনা জনগণ। রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, মানবিক নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা এগিয়ে যাবেন এবং আগামী দিনে তাঁর নেতৃত্বেই একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ফতুল্লা পশ্চিম সভাপতি মোঃ নুরুল আমিন-এর সভাপতিত্বে এবং আবদুস সাত্তার-এর সঞ্চালনায় সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা শ্রমিকদের প্রতি শোষণ বন্ধ করে মানবিক জীবনমান নিশ্চিত করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন। নারায়ণগঞ্জ জেলা জামায়াত সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না। কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রিদওয়ানুল আজিম। এছাড়াও ফতুল্লা সাংগঠনিক পশ্চিম থানার জামায়াত আমীর মাওলানা নুরুল হক, ফতুল্লা দক্ষিণ থানার আমীর মাওলানা নাসির উদ্দিন, ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত