ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে দলটি মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। কয়েক শতাধিক মোটরসাইকেল আরোহী এতে অংশ নেন। শোভাযাত্রাটি পরবর্তীতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে। এরপর এটি শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া, ২ নং রেলগেট, ডিআইটি ও মন্ডলপাড়াসহ নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ পরিভ্রমণ করে।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, স্বাধীনতার পর থেকে আমরা শুধু নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু নীতির পরিবর্তন দেখিনি। শাসন ব্যবস্থা ও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা এবার দেশ, জাতি ও জনগণের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন আনতে চাই।
মুফতি সিরাজী তাঁর বক্তৃতায় স্থানীয় সমস্যা সমাধানে গুরুত্ব দেন। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও, এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ইনশাআল্লাহ, নারায়ণগঞ্জের রাস্তাঘাটের দুরাবস্থা, জলাবদ্ধতা এবং গ্যাস সংকটের স্থায়ী সমাধান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।
মতামত