সারাদেশ

রূপগঞ্জে ডাকাতির নাটক: মোবাইল ও গেমিং আইডির লোভে ৩ কিশোর গ্রেপ্তার!

প্রিন্ট
রূপগঞ্জে ডাকাতির নাটক: মোবাইল ও গেমিং আইডির লোভে ৩ কিশোর গ্রেপ্তার!

প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২৫, রাত ১১:১৪

মোবাইল ফোন কেনা এবং জনপ্রিয় ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার অর্থের জন্য দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রূপগঞ্জে। এ ঘটনায় নাটক সাজানো কিশোরসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুট যাওয়া নগদ টাকা ও স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রশিদের ছেলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী নাবিল ও আলী হোসেনের ছেলে ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই স্থানীয় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে তাদের তিনজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্যের উন্মোচন করে পুলিশ। এরপর শনিবার (৬ নভেম্বর) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চন এলাকায় দিনে দুপুরে আব্দুর রশিদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় রশিদের ছেলে শাহরিয়ারের হাত-পা বেঁধে মারধর করা হয় এবং আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।

গত শুক্রবার রাতে রশিদের ছেলে শাহরিয়ারের বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল ফোন কিনলে তার পরিবার টাকার উৎস জানতে চেয়ে চাপ দেয়। একপর্যায়ে শাহ আলম ঘটনাটির সত্যতা প্রকাশ করে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে শাহরিয়ার, নাবিল ও শাহ আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কিশোররা স্বীকার করেছে যে তারা নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার অর্থের জন্য এই ডাকাতির নাটক সাজিয়েছিল।