সারাদেশ

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলীসহ ২ কর্মকর্তা প্রত্যাহার

প্রিন্ট
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলীসহ ২ কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৩৩ আপডেট : ৭ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৪৪

গত ২৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর একটি বিদ্যুতের ফিডারে সংরক্ষণ কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও দুজন গুরুতর আহত হওয়ার ঘটনায় ডিপিডিসি তোলপাড়। দায়িত্ব পালনে চরম অবহেলা এবং নানা ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় ডিপিডিসি কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী এবং উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে প্রত্যাহার করেছে।

ডিপিডিসি সূত্রে জানা যায়, নিহত ও আহতের ঘটনার পর বিদ্যুৎ গ্রাহকদের তীব্র ক্ষোভ ও ব্যাপক অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ ডিসেম্বর নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয় থেকে প্রত্যাহার করে ডিপিডিসির প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী রাহুলসহ অন্যান্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ডিপিডিসির ডেমরা এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে আদমজী ইপিজেড সংলগ্ন এলাকায় বিদ্যুতের ফিডার লাইনে সংরক্ষণ কাজ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিদ্যুৎ লাইনটি চালু হয়ে গেলে নজরুল ইসলাম নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুজন শ্রমিক মারাত্মকভাবে আহত হন।

সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ গ্রাহকদের অভিমত, ফিডার লাইনের সংরক্ষণ কাজে নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগের দায়িত্ব পালনে অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যাহার হওয়া নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি কার্যালয়ে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির আখড়া তৈরি করার অভিযোগ করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা। হিরাঝিল এলাকার গ্রাহক নুরুল ইসলাম, আব্দুল বারেক, আটি গ্রামের সমরাট, সোহেল এবং শিমরাইল এলাকার আবুল কালামসহ অনেকেই তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনেন।

গ্রাহকরা জানান, এর আগে গত ১ জানুয়ারি একটি জাতিয় দৈনিক পত্রিকায় ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপবিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন এবং উপসহকারী প্রকৌশলী সারোয়ারকে কর্তৃপক্ষ দপ্তর থেকে সরিয়ে নিলেও, অমিত অধিকারী রহস্যজনকভাবে বহাল তবিয়তে ছিলেন এবং প্রায় দুই বছর ধরে এই দপ্তরে থেকে নানা অপকর্ম করেছেন।

বর্তমানে নির্বাহী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীকে প্রত্যাহার করায় সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে জমে থাকা ক্ষোভ কেটেছে বলে একাধিক গ্রাহকের সাথে কথা বলে জানা গেছে।