সারাদেশ

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা

প্রিন্ট
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা

প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৪১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে তিনি ঘোষণা করেন যে, আসন্ন এই নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, জনগণের সুবিধার্থে এবার ভোট গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭ টায়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আগের নির্বাচনগুলোতে সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হতো। সে হিসেবে এবার মোট এক ঘণ্টা সময় বাড়ানো হলো।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবার রাতের ভোটের মতো কোনো অনিয়ম হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, এবার রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। আগের রাতে ব্যালটসহ ভোটগ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে।

নির্বাচন কমিশন এইবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর, এই পদক্ষেপ তারই ইঙ্গিত বহন করছে। ভোটাররা যেন নির্ভয়ে এবং যথেষ্ট সময় নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্যই এই সময়বৃদ্ধি বলে ধারণা করা হচ্ছে।