সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জমিয়তের যুগ্ম মহাসচিব কাসেমীকে শোকজ

প্রিন্ট
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জমিয়তের যুগ্ম মহাসচিব কাসেমীকে শোকজ

প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২৫, রাত ১০:১৭

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে সম্ভাব্য প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে তার দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং সাংগঠনিক সিদ্ধান্ত অমান্যের অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

বিগত কয়েক মাস ধরে মনির হোসাইন কাসেমীর আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। ইতিপূর্বে মৌখিকভাবে সতর্ক করা হলেও তার বক্তব্য ও কর্মকাণ্ডে কোনো সংশোধন পরিলক্ষিত হয়নি।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে মুফতী মনির হোসাইন কাসেমী বিএনপি নেত্রীকে বারবার জাতির মা ও ১৮ কোটি মানুষের মা সম্বোধন করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হওয়ার দৌড়ে থাকা এই নেতা আগেও বিভিন্ন সময় বিএনপির প্রতি মুগ্ধতা প্রকাশ করে নিজ দলসহ অন্যান্য দলের কর্মীদের সমালোচনার পাত্র হয়েছিলেন।

নোটিশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তারিখ থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে তাকে দলের সভাপতি বরাবর জবাব দাখিল করতে হবে। নির্ধারিত সময়ে জবাব না দিলে বা জবাবে দল সন্তুষ্ট না হলে তার বিরুদ্ধে যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।