ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক যুবককে তুলে নিয়ে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। হামলার চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ফতুল্লা মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত গোলাম রহমান জিসান (২১) ঘটনার দিন রাতেই জিসানের মা নুরুন্নাহার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো, পূর্ব লামাপাড়া এলাকার মামুন (৩৫), কামাল (৩৭) এবং কুতুবপুর এলাকার সবুজ (৪০) সহ অজ্ঞাতনামা ৮-১০ জন। অভিযুক্তদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক ব্যবসাসহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে।
অভিযোগে নুরুন্নাহার উল্লেখ করেন, অভিযুক্তরা তাদের বাড়ির সামনের রাস্তায় নিয়মিত মাদক ক্রয়-বিক্রয় করত। ৭-৮ দিন পূর্বে তিনি তাদের মাদক ব্যবসা বন্ধ করে অন্যত্র চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার অভিযুক্তরা জিসানকে জোর করে ফতুল্লা কোবা মসজিদ সংলগ্ন এলাকায় নিয়ে যায়। জিসান চিৎকার করলে বিবাদী মামুন তার হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে আঘাতটি জিসানের বাম হাতে লাগে এবং সে রক্তাক্ত জখম হয়। এরপর তাকে রাস্তায় ফেলে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।
জিসানকে বাঁচাতে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। জিসানকে চিকিৎসার জন্য ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।
মতামত