সারাদেশ

প্রয়োজনে বিদেশে চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রিন্ট
প্রয়োজনে বিদেশে চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৭

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক ও বোন মাসুমার পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতারা আব্দুল্লাহ আল জাবের ফাতিমা তাসনিম জুমা এবং মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে দেশের বাইরে পাঠাতে হলে সরকার উপযুক্ত যে কোনো দেশে তার চিকিৎসার ব্যবস্থা করবে।

এ সময় ওসমান হাদির বোন আবেগঘন বক্তব্যে বলেন, ছোটবেলা থেকেই হাদি দেশকে মনেপ্রাণে ভালোবাসত। সে ছিল বিপ্লবী চেতনার মানুষ। বিদ্রোহী কবিতা তার খুব প্রিয় ছিল এবং সে নিয়মিত কবিতা আবৃত্তি করত। তার একটি ১০ মাসের সন্তান রয়েছে। হাদি আমাদের পরিবারের মেরুদণ্ড।

তিনি আরও বলেন, তার সামনে অনেক কাজ বাকি রয়েছে। তাকে বেঁচে থাকতেই হবে। আপনারা বিপ্লবী সরকার। যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, ৫ আগস্টের পর অনেকে বাসায় ফিরে গেলেও ওসমান হাদি বাসায় ফিরে যায়নি। সে জুলাই বিপ্লবকে ধারণ করত এবং সেই বিপ্লবের জন্য দিনরাত কাজ করে গেছে। যে ব্যক্তি গুলি করেছে সে আগে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল বলে শোনা যাচ্ছে। কোন প্রক্রিয়ায় সে জামিন পেয়েছে তা তদন্ত করা প্রয়োজন।