সারাদেশ

রূপগঞ্জ থেকে রাজধানীতে ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ হবে

প্রিন্ট
রূপগঞ্জ থেকে রাজধানীতে ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ হবে

প্রকাশিত : ৮ জুন ২০২৬, রাত ১০:১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প থেকে প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি এবং পরবর্তীতে মোট ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্প থেকে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

সোমবার (৮ জুন) রূপগঞ্জের গন্ধর্বপুরে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ঢাকার পানির চাহিদা পূরণে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হয়েছে, যার ফলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। ভবিষ্যতের এই সংকট মোকাবিলা করতেই মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীতে সরবরাহের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে সকালে মন্ত্রী প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ সভায় অংশ নেন এবং নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।

মোট ব্যয়, প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা। মেঘনা নদীর পানি পরিশোধন করে রাজধানীবাসীর কাছে নিরাপদ ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া। বর্তমান অগ্রগতি প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রকল্পটি পুরোপুরি চালু হলে রাজধানীর পানি সংকটের স্থায়ী ও পরিবেশবান্ধব সমাধান সম্ভব হবে।