আন্তর্জাতিক

সুদানে শহীদ ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার: দাফন হবে সামরিক মর্যাদায়

প্রিন্ট
সুদানে শহীদ ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার: দাফন হবে সামরিক মর্যাদায়

প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৩৮

ঢাকা সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় শাহাদতবরণকারী ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার বিকেলে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন। এ সময় উপস্থিত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং স্যালুট প্রদানের মাধ্যমে শহীদদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় এই ৬ বাংলাদেশি সেনাসদস্য শহীদ হন। হামলায় আহত আরও ৯ জন শান্তিরক্ষীর মধ্যে ৮ জন কেনিয়ার নাইরোবিতে চিকিৎসাধীন রয়েছেন। আইএসপিআর জানিয়েছে, বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।