সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিএনপির মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিএনপির মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, রাত ১১:৪৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় আদমজী পুরাতন থানা সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করছি বীর শহীদদের এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র অবরুদ্ধ ছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার আজ আমরা ফিরিয়ে দিতে পেরেছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল পেতে শুরু করেছে।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের লোকেরা এখনো ওত পেতে আছে। তারা আপনাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করতে পারে। যদি আমাদের কোনো নেতাকর্মী তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় এবং সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যারা গুম, খুন ও দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদের বিচার হচ্ছে।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাতীয় জীবনের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে অকিল উদ্দিন ভূইয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করে আগামীর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজপথে প্রস্তুত থাকতে হবে।

উক্ত সভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, মোঃ শাহআলম হিরা এবং সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, বিএনপি নেতা রুহুল আমিন প্রমুখ।