সারাদেশ

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে মাউশির বিশেষ সতর্কতা

প্রিন্ট
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে মাউশির বিশেষ সতর্কতা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, রাত ৯:১১

দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা (২০১৯) এবং নবপ্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ লঙ্ঘন করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট, গুজব ছড়ানো বা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ। নিয়ম অমান্য করলে পেশাগত আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি প্রচলিত সাইবার আইনে বিচারযোগ্য ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়মিত নজরদারি করা হবে। কোনো সদস্য যাতে সাইবার অপরাধে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় এই বাড়তি সতর্কতা আরোপ করা হয়েছে। সাইবার অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কথা মনে করিয়ে দিয়ে মাউশি জানিয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি উভয় ব্যবস্থাই গ্রহণ করা হবে।