সারাদেশ

বালিয়াডাঙ্গীতে তীরনই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ঝুঁকিতে ফসলি জমি ও সেতু

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে তীরনই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ঝুঁকিতে ফসলি জমি ও সেতু

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:০৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন তোয়াক্কা না করে তীরনই নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব চলছে। স্থানীয় এক প্রভাবশালী চক্র ভেকু (এক্সকাভেটর) দিয়ে দিন-রাত মাটি কেটে ট্রাক্টরযোগে বিভিন্ন ইটভাটা ও রাস্তার কাজে চড়া দামে বিক্রি করছে। এতে চরম হুমকির মুখে পড়েছে নদীর তীরবর্তী আবাদি জমি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও গুরুত্বপূর্ণ সেতু।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর এলাকায় নদী থেকে মাত্র ১০০-১৫০ গজ দূরে পাড় কেটে স্তূপ করে রাখা হচ্ছে মাটি। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাক্টরচালকরা জানান, মধুপুর গ্রামের আমিনুল ইসলামের নির্দেশে এসব মাটি কাটা হচ্ছে। মাটিবাহী ভারী ট্রাক্টর চলাচলের কারণে স্থানীয় কাঁচা রাস্তাগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে নদী খনন ও সুইচ গেট নির্মাণ করলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে সব ভেস্তে যাচ্ছে। নদীর পাড় কেটে ফেলায় বর্ষাকালে সামান্য পানিতেই বাঁধ ভেঙে তলিয়ে যাবে হাজার হাজার একর ফসলি জমি। প্রশাসনের নীরবতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী, সেতু, কালভার্ট বা গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে মাটি কাটা নিষিদ্ধ থাকলেও এখানে তা মানা হচ্ছে না।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার বলেন, নদীর পাড় কাটার খবর পাওয়া মাত্রই সহকারী কমিশনার (ভূমি)-কে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। খোঁজ নিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।