সারাদেশ

খুলনা-১ শেষ দিনে বিএনপির আমীর এজাজ খানের মনোনয়ন দাখিল

প্রিন্ট
খুলনা-১ শেষ দিনে বিএনপির আমীর এজাজ খানের মনোনয়ন দাখিল

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, রাত ১০:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকারের নিকট তার মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. কামরুল ইসলামসহ বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। পরে বিকেলে তিনি বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার থান্ডার কামরুজ্জামানের নিকট অনুলিপি জমা দেন।

জমাদান শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আমীর এজাজ খান নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকে সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, খুলনা-১ আসনে এবার বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীরা হলেন, আমীর এজাজ খান (বিএনপি), কৃষ্ণ নন্দী (জামায়াতে ইসলামী), মো. জাহাঙ্গীর হোসেন (জাতীয় পার্টি), সুনীল শুভ রায় (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কিশোর রায় (সিপিবি), অ্যাড. প্রসেনজিৎ দত্ত (জেএসডি), মো. সিরাজুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়াউর রহমান পাপুল, ড. অচিন্ত্য কুমার মন্ডল, অ্যাড. গোবিন্দ হালদার ও আব্দুল গফুর মোল্লাসহ অন্যান্যরা।