স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য নিয়ে স্থানীয় আব্দুর রশিদের সঙ্গে আকবর মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে আকবর নিজের জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে মাঠে ফেলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক তনিতা বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনির গুরুতর চিহ্ন রয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত