হবিগঞ্জে পুলিশ কর্মকর্তাকে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে মাহদী হাসানের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাহদীকে নিজেকে আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখসহ ওসির সঙ্গে অপেশাদার ও হুমকিমূলক আচরণ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
এদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাহদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দুপুরে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শায়েস্তাগঞ্জ থানায় মাহদীর দেওয়া বক্তব্য সংগঠনের আদর্শের পরিপন্থী এবং ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। কেন তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বরাবর লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত