সারাদেশ

গণভোট ও নির্বাচন হবে উৎসবমুখর: ফাওজুল কবির খান

প্রিন্ট
গণভোট ও নির্বাচন হবে উৎসবমুখর: ফাওজুল কবির খান

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, রাত ১২:২৫

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে একটি উৎসবের আমেজ তৈরি করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, অতীতের ভয়ভীতি কাটিয়ে এবার মানুষ নির্ভয়ে, বিনা বাধায় নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

 দিনাজপুরের সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চইন খইরপাড়ায় ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ঈদ বা পূজার মতো উৎসবের আমেজে মানুষ ভোটকেন্দ্রে যাবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সেখানে জনগণের প্রকৃত রায়ই প্রতিফলিত হবে। জয়ী ও পরাজিত সব পক্ষকেই গণতান্ত্রিক আচরণ বজায় রাখতে হবে। গণভোট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এবারের গণভোট হবে সংস্কারমূলক, যা একটি নতুন বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল গণভোটের সংস্কার প্রস্তাব ও ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা করেন। দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে স্থানীয় সাংবাদিকসহ প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।