সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনা প্রশমনে বিজিবি-বিএসএফ বৈঠক

প্রিন্ট
ফুলবাড়ী সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনা প্রশমনে বিজিবি-বিএসএফ বৈঠক

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, রাত ৯:৪১

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে জিরো পয়েন্টের কাছে সড়ক নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর ১ নম্বর সাব-পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। ভারতের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোচবিহার ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে. কে. রাও।

বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, বিএসএফ জিরো লাইনে নতুন কোনো ফোর লেন সড়ক নির্মাণ করবে না বলে স্পষ্ট আশ্বাস দিয়েছে। তারা কেবল ব্রিটিশ আমলে নির্মিত পুরোনো সড়কটি সংস্কার করবে। তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে দ্রুতই বিজিবির একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বিএসএফ জিরো লাইনে নতুন সড়ক নির্মাণ শুরু করলে বিজিবি এর তীব্র প্রতিবাদ জানায়। এর ফলে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত নির্মাণকাজ বন্ধ করে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নেয় বিএসএফ। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এবং উভয় পক্ষই আন্তর্জাতিক সীমান্ত আইন ও পারস্পরিক শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।