রংপুর গাইবান্ধায় র্যাব-১৩ এর অভিযানে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থানার নারায়ণপুর গ্রামের বাকির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম শফিউল ইসলাম সুমন (৪২)। তিনি ওই এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে একটি মুদির দোকান থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের একটি মাদক মামলার (জিআর-৭৪/১৫) ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আদালত তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিলেও তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
মতামত