ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে রুনা বেগম (১৮) নামের এক গৃহবধূকে বালিশচাপায় হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জিহাদকে (২০) রাতেই ইলিশা ফেরিঘাট থেকে আটক করেছে র্যাব ও পুলিশ।
নিহত রুনা বেগম ওই এলাকার হাফেজ মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, সাত মাস আগে পারিবারিকভাবে মামাতো ভাই জিহাদের সঙ্গে রুনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। বুধবার সন্ধ্যায় রুনার ঘর থেকে ধস্তাধস্তির শব্দ পেয়ে স্বজনরা সেখানে গিয়ে তাকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় জিহাদ ঘর থেকে পালিয়ে যান।
রুনার স্বজনরা জানান, বিছানায় রুনার নিথর দেহ কম্বল দিয়ে ঢাকা ছিল এবং বুকের ওপর একটি বালিশ রাখা ছিল। তার শরীরে আঁচড়ের দাগ এবং মুখে রক্ত ও লালা দেখা গেছে। স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পুলিশে খবর দেওয়া হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় গভীর রাতে ভোলা ইলিশা ফেরিঘাট থেকে ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত