সারাদেশ

ফুলবাড়ীতে শাপলা কলির সমর্থনে ১০ দলীয় জোটের বিশাল গণমিছিল

প্রিন্ট
ফুলবাড়ীতে শাপলা কলির সমর্থনে ১০ দলীয় জোটের বিশাল গণমিছিল

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, রাত ১১:০০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে ১০ দলীয় জোট ও এনসিপি মনোনীত প্রার্থী ডা. আতিক মুজাহিদের সমর্থনে ফুলবাড়ীতে বিশাল নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে শাপলা কলি মার্কার পক্ষে এই প্রচারণা চালানো হয়।

বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস সংলগ্ন কাছারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তা ডা. আতিক মুজাহিদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জনগণ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। শাপলা কলি মার্কার এই গণজোয়ার ইনশাআল্লাহ বিজয়ে রূপ নেবে।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, এনসিপি জেলা আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ। বক্তারা আসন্ন নির্বাচনে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।