সারাদেশ

ধর্মপাশায় মাদকের রমরমা ব্যবসা: ১৯ পিস ইয়াবাসহ আটক ৩

প্রিন্ট
ধর্মপাশায় মাদকের রমরমা ব্যবসা: ১৯ পিস ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:৫৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজার সংলগ্ন শান্তিপুর গ্রামে দীর্ঘ দিন ধরে চলছে মাদকের রমরমা ব্যবসা। প্রতিদিন সন্ধ্যার পর বহিরাগত মাদক কারবারিদের আনাগোনা ও স্থানীয় যুবসমাজের বিপথগামিতায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এরই মধ্যে গত শুক্রবার রাতে ১৯ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শান্তিপুর গ্রাম থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করে ধর্মপাশা থানা পুলিশ। আটককৃতরা হলেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন, জামালগঞ্জ সদরের কাশিপুর গ্রামের মোঃ লালচাঁন মিয়া এবং ভাটিলালপুর গ্রামের মোঃ জোয়েল মিয়া।

বিপন্ন যুবসমাজ ও চুরির আতঙ্ক স্থানীয় বাসিন্দারা জানান, ১৮ থেকে ৩০ বছর বয়সী যুবকদের টার্গেট করে গ্রামে ইয়াবার কেনাবেচা চলছে। মাদক কারবারিরা সন্ধ্যার পর অন্ধকারের সুযোগ নিয়ে গ্রামের আনাচে-কানাচে ঝোপঝাড়ে অবস্থান নেয়। এতে গ্রামের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি যুবসমাজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। মাদকসেবীদের টাকার জোগান দিতে গিয়ে এলাকায় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে চুরি ও ছিনতাই। স্থানীয়রা জানান, নেশার টাকা জোগাতে মাদকাসক্তরা প্রায়ই গ্রামবাসীর মালামাল চুরি করছে।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা সচেতন নাগরিক ও এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তন হলেও মাদক কারবারিদের এই সিন্ডিকেট রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সাধারণ মানুষ ভয়ে এদের প্রতিবাদ করতে সাহস পায় না। জানমালের নিরাপত্তা ও যুবসমাজকে রক্ষা করতে ধর্মপাশা থানা প্রশাসনের কাছে নিয়মিত সাঁড়াশি অভিযানের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।