লক্ষ্মীপুরে নিখোঁজের ছয় দিন পর ফজলে রাব্বি (২২) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপ্রবাহ বাগ গ্রামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাব্বি সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ১৯ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শনিবার বিকেলে চন্দ্রপ্রবাহ বাগ গ্রামের শেখের বাড়ির (প্রবাসী কিরণের বাড়ি) সেপটিক ট্যাংকের ওপর রাব্বির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না বা এর পেছনে কী কারণ রয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত