দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুরু হয়েছে ভোটের গাড়ির বিশেষ প্রচার কার্যক্রম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও এর গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন করতে সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গঙ্গারহাট বাজারে এই কার্যক্রমের সূচনা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী চলমান এই ভ্রাম্যমাণ প্রচারণায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হচ্ছে। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ব্যান্ড সংগীতের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং প্রবাসীদের ভোটাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া প্রধান উপদেষ্টার বক্তব্য এবং আঞ্চলিক ভাষায় জনসচেতনতামূলক গানও পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সাধারণ মানুষের মতামত সংগ্রহের জন্য একটি স্বাক্ষর বোর্ড উন্মুক্ত রাখা হয়। তীব্র শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ এই প্রচারণা উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ভোটের গাড়ি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করবে। কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে এটি জাতীয় নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।
মতামত