সারাদেশ

শ্রীপুরে শিশু ধর্ষণ: মামা-ভাগিনা আটক

প্রিন্ট
শ্রীপুরে শিশু ধর্ষণ: মামা-ভাগিনা আটক

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:৫৭

গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা সম্পর্কে পরস্পর মামা ও ভাগিনা। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গিলারচালা গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি সংলগ্ন একটি কারওয়াশ প্রতিষ্ঠানের পেছনে নির্জন স্থানে নিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। রাত ১০টার দিকে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। শ্রীপুর থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ন্যক্কারজনক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।