সারাদেশ

শ্রীপুরে নির্বাচন বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

প্রিন্ট
শ্রীপুরে নির্বাচন বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:০৪

মাগুরার শ্রীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ মহড়া পরিচালিত হয়। মহড়া চলাকালে উপজেলার কাজলী, আমতৈল, সব্দালপুর, রাধানগর ও নাকোলসহ বিভিন্ন বাজারে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা আসন্ন নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান। তারা আশ্বস্ত করেন যে, ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবেন। কেউ কোনো প্রকার ভয়ভীতি বা বাধা প্রদানের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়। মহড়ায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী শ্রীপুর ক্যাম্প কমান্ডার সালাউদ্দিন আহম্মেদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ও সাজ্জাদ হোসেন (আরডিসি) সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর বিজিবি ও র‌্যাবের প্রতিনিধিদলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের এই তৎপরতা ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে মহড়া শেষে জানানো হয়।