সারাদেশ

সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রিন্ট
সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:২২

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে দেশবাসীর প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই কে সংস্কার চায়, আর কে চায় না। যারা সংস্কার চান, তারা হ্যাঁ ভোট দেবেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মির্জা ফখরুল বলেন, যারা দেশ চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। বিধ্বস্ত রাষ্ট্রকে মেরামত করতে হলে সংস্কারের বিকল্প নেই। আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। আমরা সবাই পরিবর্তন ও সংস্কার চাই, তাই সবাইকে হ্যাঁ বাক্সে ভোট দেওয়ার অনুরোধ করছি। নতুন নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব। আমরা চাই এ দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি আধুনিক চিন্তা নিয়ে দেশকে এগিয়ে নেবেন। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব আশ্বস্ত করে বলেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো প্রকার ক্ষতি করতে কেউ পারবে না। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। দেশবাসীকে আগামী তিন দিনের মধ্যে বড় সিদ্ধান্তের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সবাই মিলে পরিবর্তনের পক্ষে অবস্থান নিই এবং নতুন পথে দেশ গড়ি।