সারাদেশ

ভাঁড়ারায় শিমুল বিশ্বাসের আগামীর পাবনা শীর্ষক নির্বাচনী জনসভা

প্রিন্ট
ভাঁড়ারায় শিমুল বিশ্বাসের আগামীর পাবনা শীর্ষক নির্বাচনী জনসভা

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:০৯

শিমুল বিশ্বাসের ভাবনা শীর্ষক এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভাঁড়ারা ইউনিয়নের ঐতিহাসিক পদ্মা হাসপাতাল মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ আয়োজিত হয়। সমাবেশে প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের বক্তব্যে আগামীর সন্ত্রাসমুক্ত ও উন্নত পাবনা গড়ার লক্ষ্যে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সমাবেশে এলাকার জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। বক্তব্য দিতে গিয়ে স্থানীয় এক নারী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, একসময় এ এলাকায় অস্ত্রের ঝনঝনানি আর আতঙ্কে আমাদের দিন কাটত। আমরা আর সন্তান বা স্বামী হারাতে চাই না। তিনি সন্ত্রাস ও সহিংসতা রুখতে শিমুল বিশ্বাসের হস্তক্ষেপ কামনা করেন। ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এলাকার বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। আবাদুল খালেক মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জেএসডি ও ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির এবং পাবনা সদর গোরস্থান মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রকিবুন্নবি সুজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব তফিজ উদ্দিন তবি, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন, এস কে সাগর, আজগর হোসেন ও আমিরুল ইসলাম খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ। দুপুর থেকেই ভাঁড়ারার বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নারী-পুরুষের খণ্ড খণ্ড মিছিল ধানের শীষ স্লোগানে সভাস্থলে সমবেত হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।