সারাদেশ

সিদ্ধিরগঞ্জে হ্যাঁ ভোটের প্রচারণা ও হাদী হত্যার বিচারের দাবিতে এনজিবির র‌্যালি

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে হ্যাঁ ভোটের প্রচারণা ও হাদী হত্যার বিচারের দাবিতে এনজিবির র‌্যালি

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৫২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হ্যাঁ ভোটের সমর্থনে প্রচারণা এবং শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ র‌্যালি ও লিফলেট বিতরণ করেছে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আদমজীনগর এম ডব্লিউ কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়। এনজিবির কেন্দ্রীয় আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাতের নেতৃত্বে র‌্যালিটি কদমতলী পুল এলাকা থেকে শুরু হয়ে সোনামিয়া মার্কেট প্রদক্ষিণ করে। পরে সিদ্ধিরগঞ্জ থানার সামনে সংক্ষিপ্ত অবস্থান নিয়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন অংশগ্রহণকারীরা। র‌্যালিতে শিক্ষার্থীদের হাতে শহীদ ওসমান হাদী ও আবরার ফাহাদ হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। সমাবেশে মেহরাব হোসেন প্রভাত বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছি। আমরা কোনো রাজনৈতিক দল নই, বরং সমাজের সচেতন অংশ হিসেবে দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ চাই। কোনো ধরনের ভোট কারচুপি বা পেশিশক্তির ব্যবহারের বিরুদ্ধে আমরা রাজপথে সোচ্চার থাকব। শহীদ ওসমান হাদী হত্যার বিচার প্রসঙ্গে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আবরার ফাহাদ ও ওসমান হাদীরা অকুতোভয় সংগ্রামের এক একটি আদর্শের নাম। হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করা না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এনজিবি। কর্মসূচি চলাকালে ভোটারদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়।