সারাদেশ

বটিয়াঘাটায় ১১ দলীয় জোটের প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা

প্রিন্ট
বটিয়াঘাটায় ১১ দলীয় জোটের প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৪৮

খুলনা-১ দাকোপ-বটিয়াঘাটা আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দীর পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সুরখালী ইউনিয়নে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির মাওলানা ইমরান হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইমরান হোসাইন বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, আগামীতে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ দলের নেতাকর্মীরা তাঁদের নির্বাচনী কাজে বাধা এবং ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি প্রশাসনের কাছে এসব অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সুরখালী ইউনিয়ন আমির ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী। সভায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্বমিত্র চাকমা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমির মাওলানা আবু ইউসুফ, নায়েবে আমির হাফেজ মাওলানা আশরাফ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা নেতা আল আমিন গোলদার ও ঢাকা উত্তরের নেতা মাহবুব আলম মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েমের আহ্বান জানান। দুপুরের পর থেকেই সুরখালী ও আশপাশের এলাকা থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক জনসভাস্থলে সমবেত হন।