সারাদেশ

লালমনিরহাটে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রিন্ট
লালমনিরহাটে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৪৫


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২১১ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল হামিদ (৩৫)। তিনি হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাবাসহাট থেকে বালাপাড়াগামী ইটের রাস্তায় ব্যাটারিচালিত একটি ভ্যান তল্লাশি করা হয়। এসময় ভ্যানে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২১১ বোতল ফেনসিডিলজাতীয় মাদক এস্কাফ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হামিদ স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-১৩ এর আভিযানিক দল জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।