সারাদেশ

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

প্রিন্ট
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, রাত ১১:৫৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাজহারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজহারুল ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার পারভেজ, বকুল ও নুরুল ইসলাম ভান্ডারীসহ কয়েকজনের সঙ্গে জমিজমা নিয়ে মাজহারুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি মারধর ও গলা চেপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।