আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ৪ দিনে বাতিল ১৪৭ ফ্লাইট, চরম ভোগান্তিতে প্রবাসীরা

প্রিন্ট
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ৪ দিনে বাতিল ১৪৭ ফ্লাইট, চরম ভোগান্তিতে প্রবাসীরা

প্রকাশিত : ৩ মার্চ ২০২৬, দুপুর ২:০৮


মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আকাশপথ। এর প্রভাবে গত চার দিনে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পর্যন্ত নতুন করে আরও ৩৮টি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ইরানের হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় এই সংকট তৈরি হয়েছে। আজ বাতিল হওয়া ৩৮টি ফ্লাইটের গন্তব্য ছিল শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই ও দোহা। এক নজরে গত ৪ দিনের পরিসংখ্যান: শনিবার: ২৩টি ফ্লাইট বাতিল রবিবার: ৪০টি ফ্লাইট বাতি সোমবার: ৪৬টি ফ্লাইট বাতিল মঙ্গলবার: ৩৮টি ফ্লাইট বাতিল (দুপুর পর্যন্ত) মোট: ১৪৭টি ফ্লাইট

আজকের বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে এয়ার অ্যারাবিয়ার ১২টি, কাতার ও এমিরেটসের ৪টি করে এবং গালফ এয়ার, ফ্লাই দুবাই, জাজিরা ও ইউএস-বাংলার ৪টি করে ফ্লাইট রয়েছে। এছাড়া কুয়েত এয়ারের ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও স্থবিরতা বিরাজ করছে। সেখানে আজ সকালের ৭টিসহ এ পর্যন্ত মোট ৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

বর্তমানে কাতার, কুয়েত ও আমিরাতের কিছু রুটে সীমিত পরিসরে চলাচল শুরু হলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ ফ্লাইট বন্ধ থাকায় হাজার হাজার প্রবাসী যাত্রী চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো বার্তা দিতে পারেনি কর্তৃপক্ষ।